Komol Kontho

আজ, সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েল বলছে, ফিলিস্তিনের গাজা নগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবাইদা নিহত হন।

‘ক্রুটিহীনভাবে’ এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তবে হামাসের পক্ষ থেকে এখনো আবু উবাইদার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি।

সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল, গাজা নগরীর একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকেরা বলেছেন, গাজা নগরীর জনবহুল আল-রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে।

পরিকল্পিত অভিযানের আগে থেকেই গাজা নগরীতে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। শনিবারের হামলাও তারই অংশ।

গতকাল রোববার কাৎজ সতর্ক করে বলেন, গাজায় অভিযান তীব্রতর হলে উবাইদার আরও অনেক ‘অপরাধী সঙ্গীকে’ লক্ষ্যবস্তু করা হবে। এর মাধ্যমে তিনি মূলত গাজা নগরী দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন।

শেয়ার করুন

Scroll to Top